টুঙ্গিপাড়ায় চিকিৎসকের ওপর হামলায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি বিএমএ’র
মেডিভয়েস রিপোর্ট: গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. কমলেস বাগচীর ওপর হামলা ও হাসপাতাল ভাংচুরের ঘটনায় অভিযুক্তদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানে দাবি জানিয়েছে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ)।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএমএ'র সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও মহাসচিব ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী ঘটনার নিন্দা প্রকাশ করে এ দাবি জানান।
বিএমএ’র দপ্তর সম্পাদক ডা. মোহা. শেখ শহীদ উল্লাহ স্বাক্ষরিত ওই বিবৃতিতে বলা হয়েছে, ‘একজন সরকারি চিকিৎসকের ডিউটিকালীন সময়ে সরকারি কাজে বাধা প্রদান ও হাসপাতালে ত্রাসের সৃষ্টি করে অন্যান্য রোগীদের মাঝে আতংক তৈরি করার ঘটনায় হাসপাতালের চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীরা উদ্বিগ্ন।’
বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন ডা. কমলেশ বাগচীর ওপর আক্রমণকারীদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তি প্রদানের জোর দাবি জানান। সেই সঙ্গে দেশের সকল চিকিৎসকের জন্য নিরাপদ কর্মস্থল নিশ্চিত করতে স্বাস্থ্য মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট প্রশাসনের নিকট আহ্বান করেন নেতারা।
প্রসঙ্গ, আগে গত ১৩ ফেব্রুয়ারি (সোমবার) টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর মৃত্যুর জেরে স্বজনসহ একদল সন্ত্রাসী হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. কমলেশ বাগচীর উপর শারীরিকভাবে আক্রমণ চালায় ও প্রাণনাশের হুমকি প্রদান করেন। এসময় হামলাকারীরা আরএমওর সরকারী অফিসে হামলা চালিয়ে ভাংচুর করে ও ভীতিকর অবস্থার সৃষ্টি করে। এ ঘটনায় আহত চিকিৎসকের পক্ষ থেকে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এসএস